নতুন জীবনের পথে হাঁটতে যাচ্ছেন জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী শেখ সাদী। পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর গত শুক্রবার সম্পন্ন হয়েছে তার আংটিবদল। বিষয়টি নিশ্চিত করে এই শিল্পী জানিয়েছেন, পুরো ঘটনাটিই ঘটেছে বেশ আকস্মিকভাবে।
Advertisement
শেখ সাদী বলেন, ‘আংটিবদলের ব্যাপারটি একেবারে হুট করে হয়েছে। আমার আব্বু-আম্মু দুজনই যুক্তরাষ্ট্রে থাকেন। তারা কিছুদিন আগে দেশে এসেছিলেন। এর মধ্যে আমার বিয়ের ব্যাপারে পারিবারিকভাবে কথাবার্তা হয়। তারা আমার জন্য একজনকে পছন্দ করেন। তাদের পছন্দে আমি সম্মতি জানাই। এরপর তার সঙ্গে আমার আংটিবদল হয়েছে।’
পারিবারিক সূত্রে জানা গেছে, শেখ সাদীর হবু স্ত্রীর নাম সুরাইয়া আফরোজ। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতক সম্পন্ন করেছেন। শুক্রবার রাজধানীর শাহজাদপুরে কনের বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় আংটিবদলের আয়োজন।
কয়েক বছর আগে সংগীতজগতে পথচলা শুরু করেন শেখ সাদী। ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তার একাধিক গান তরুণ শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। ধীরে ধীরে তিনি গড়ে তোলেন নিজস্ব শ্রোতাগোষ্ঠী। তার বেশ কয়েকটি গান কোটি কোটিবার শোনা হয়েছে বিভিন্ন মাধ্যমে।
Advertisement
আরও পড়ুন:সাংহাই চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের জয় দুই দিনব্যাপী সংগীত উৎসবে মাতবে শিল্পকলা
বিশেষ করে ‘ললনা’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির জনপ্রিয়তার সুবাদে দেশের অন্যতম আলোচিত তরুণ কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠা পান তিনি।
সংগীতের পাশাপাশি অভিনয়েও দেখা গেছে শেখ সাদীকে। ‘শহরের নতুন অতিথি’ নাটকে তার বিপরীতে অভিনয় করেন সামিরা খান মাহি। এছাড়া চার বছর আগে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিতব্য ‘সংশয়’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেও এক দিনের শুটিংয়ের পর সেই প্রকল্প থেকে সরে দাঁড়ান এই শিল্পী।
এমআই/এমএমএফ
Advertisement