জামালপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০ বোতল ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
Advertisement
শনিবার (২০ জুন) বিকেলে জেলার বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকায় জামালপুর-বকশীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রবিবার (২১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর অফিসার ইনচার্জ মো. আব্দুল কাইয়ুম।
গ্রেফতাররা হলেন- বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সোবহান তালুকদারের ছেলে তাবিবুর রহমান তালুকদার (২৬) এবং পলাশতলা গ্রামের মোখলেস তালুকদারের ছেলে রিদুয়ান বারী তালুকদার (৩০)।
Advertisement
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-১ এর একটি দল ওই এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় মাদক বহনকারী অবস্থায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন জেলায় পাচার করে আসছিল। এ ঘটনায় রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, মাদকমুক্ত জামালপুর গড়তে আমরা নিরলস কাজ করছি। মাদক ব্যবসায়ী ও চোরাকারবারিদের বিরুদ্ধে আমাদের 'জিরো টলারেন্স' নীতি অব্যাহত থাকবে। সীমান্ত ব্যবহারকারী অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এ কাজে জনগণের সহযোগিতা প্রয়োজন।
হৃদয় আহম্মেদ/এএইচ/এমএস
Advertisement