বিনোদন

দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সি, গাইলেন সিনেমার গান

দেশের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ও ইমরান মাহমুদুল দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কণ্ঠ দিলেন। নতুন চলচ্চিত্র ‘শিকার’-এর জন্য তারা গেয়েছেন রোমান্টিক গান ‘দুজন মিলে বাঁচব এক জীবন’।

Advertisement

গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকবি কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান মাহমুদুল। গত রোববার সন্ধ্যায় গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

নির্মাতাদের আশা, মেলোডি ঘরানার এই গানটি দীর্ঘদিন পর ইমরান-ন্যান্সি জুটির পরিচিত রসায়ন আবারও ফিরিয়ে আনবে এবং শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।

রেকর্ডিং শেষে গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দুই শিল্পী। ন্যান্সি বলেন, ‘ইমরানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবসময়ই দারুণ। গানটির কথা ও সুর এত সুন্দর যে এটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে। অনেক দিন পর মনের মতো একটি চলচ্চিত্রের গান গাইলাম।’

Advertisement

ইমরান মাহমুদুল বলেন, ‘ন্যান্সি আপা আমাদের সংগীতের এক অনন্য কণ্ঠ। তার সঙ্গে ডুয়েট গান করা সবসময়ই বিশেষ অনুভূতির। এই গানটির জন্য আমরা দুজনেই অনেক দিন অপেক্ষা করছিলাম। আশা করছি, শ্রোতারা নিরাশ হবেন না।’

এদিকে দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে শুটিংয়ে যাচ্ছে পরিচালক কামরুজ্জামান রোমানের নতুন চলচ্চিত্র ‘শিকার’। কিছুদিন আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস ও অভিনেতা মুরতজা পলাশকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করবেন। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে।

পরিচালক কামরুজ্জামান রোমান জানান, বাংলাদেশের সীমান্তাঞ্চলের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে ‘শিকার’। তিনি বলেন, ‘এই সিনেমায় গল্পই হচ্ছে আসল নায়ক। গল্পের প্রয়োজনেই অপু বিশ্বাস ও মুরতজা পলাশকে জুটি করেছি। অপু দি সাধারণত প্রেমের গল্পে কাজ করলেও এই সিনেমায় সেই ধারা থাকবে না। এটি একটি থ্রিলারধর্মী চলচ্চিত্র। এ সপ্তাহেই আমরা নেপালে শুটিং শুরু করতে যাচ্ছি। একটানা কাজ করে দৃশ্যধারণ শেষ করার পরিকল্পনা রয়েছে। দর্শক সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি সিনেমা দেখতে পাবেন বলে বিশ্বাস করি।’

আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মিতব্য ‘শিকার’-এর চিত্রগ্রহণ করবেন জনপ্রিয় ডিওপি সাইফুল শাহিন। রেজা ফিল্মস প্রডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির শুটিং হবে নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে।

Advertisement

সিনেমাটিতে অপু বিশ্বাস ও মুরতজা পলাশের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বড়দা মিঠু, রাশেদ মামুন অপুসহ আরও বেশ কয়েকজন শিল্পী।

 

এমআই/এলআইএ