কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর চলচ্চিত্র নির্মাণের নতুন যুগে বড় পদক্ষেপ নিল প্রযুক্তি জায়ান্ট গুগল। স্বাধীন চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান এ২৪ (A24)-এর সঙ্গে গবেষণা ও প্রযুক্তি উন্নয়নভিত্তিক একটি অংশীদারত্ব চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এ চুক্তির অংশ হিসেবে প্রায় ৭৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে গুগল।
Advertisement
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, গুগলের ডিপমাইন্ড ইউনিট এ২৪-এর সঙ্গে যৌথভাবে এমন সব এআই প্রযুক্তি তৈরি করবে। এটি চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল কাজকে আরও সহজ ও কার্যকর করবে।
চুক্তির আওতায় এ২৪ ডিপমাইন্ডের গবেষণা ও প্রযুক্তিগত অবকাঠামো ব্যবহার করতে পারবে। পাশাপাশি ডিপমাইন্ডের গবেষকেরা এ২৪-এর সঙ্গে কাজ করে চলচ্চিত্র নির্মাণের নতুন কর্মপ্রবাহ (ওয়ার্কফ্লো) তৈরি করবেন।
তবে এই চুক্তির মাধ্যমে গুগল এ২৪-এর চলচ্চিত্রের কনটেন্ট লাইব্রেরি বা তথ্যভান্ডারে কোনো ধরনের প্রবেশাধিকার পাচ্ছে না বলে স্পষ্ট করা হয়েছে।
Advertisement
এ২৪-এর প্রযুক্তি বিভাগ এ২৪ ল্যাবস-এর প্রধান স্কট বেলস্কি বলেন, এআইকে শুধু কম খরচে ও দ্রুত সিনেমা তৈরির মাধ্যম হিসেবে দেখার বিপক্ষে তারা। বরং এমন প্রযুক্তি তৈরি করতে চান, যা নির্মাতার সৃজনশীল নিয়ন্ত্রণ অক্ষুণ্ন রাখবে এবং নতুন নতুন ধারণা নিয়ে কাজ করার সুযোগ বাড়াবে।
তার ভাষায়, ‘আমরা মনে করি, এআই এমনভাবে ব্যবহার করা উচিত যা নির্মাতার সৃজনশীল স্বাধীনতা বজায় রাখে। আমাদের তৈরি টুলগুলো সাধারণ ‘প্রম্পট দিয়ে ছবি বানানো’ ধরনের এআই হবে না।’
ডিপমাইন্ডের পণ্যবিষয়ক ভাইস প্রেসিডেন্ট এলি কলিন্স বলেন, ‘প্রযুক্তি তখনই সবচেয়ে বড় অগ্রগতি আনে, যখন তা সংশ্লিষ্ট ক্ষেত্রের সেরা সৃজনশীল মানুষদের হাতে পৌঁছে দেওয়া হয়।’
হলিউডে সাম্প্রতিক সময়ে এআই নিয়ে বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। ইতোমধ্যে লায়ন্সগেট এআই প্রতিষ্ঠান রানওয়ে এআই-এর সঙ্গে অংশীদারত্ব করেছে, আর নেটফ্লিক্স চলতি বছর চলচ্চিত্র নির্মাতাদের জন্য প্রযুক্তি উন্নয়নে কাজ করা একটি এআই স্টার্টআপ অধিগ্রহণ করেছে।
Advertisement
সমালোচকপ্রশংসিত ও বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচিত এ২৪ ‘লেডি বার্ড’, ‘মুনলাইট’, ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ এবং সাম্প্রতিক আলোচিত ‘ব্যাকরুমস’-এর মতো সিনেমা প্রযোজনা করেছে।
নতুন এই অংশীদারত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটি চলচ্চিত্র নির্মাণে এআই প্রযুক্তির নতুন সম্ভাবনা উন্মোচনের আশা করছে।
এলআইএ