জিম্বাবুয়ের কাছে ২৫ বছর টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাবে স্বাগতিকদের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের হার টাইগারদের। এমন হারের পর ব্যাটিং ব্যর্থতাকেই মূল কারণ হিসেবে দেখছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে প্রথম দিনের লাঞ্চ থেকে চা-বিরতির মধ্যকার সময়েই ম্যাচ হাতছাড়া হয়ে যায়।
Advertisement
হারারের টেস্ট শেষে সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, প্রথম দুই ঘণ্টা পর্যন্ত বাংলাদেশ ম্যাচে ছিল; কিন্তু এরপর ব্যাটিংয়ে চরম ব্যর্থতার কারণেই ম্যাচ থেকে ছিটকে যায় দল।
তিনি বলেন, ‘প্রথম দুই ঘণ্টা আমরা ম্যাচে ছিলাম। কিন্তু প্রথম দিনের লাঞ্চ থেকে চা-বিরতির মধ্যকার সময়টাতেই আমরা ম্যাচটা হেরে গেছি। ওই সময় ব্যাটিংয়ে আরও মনোযোগী হতে পারলে ম্যাচে আরও ভালো অবস্থানে থাকতে পারতাম। আমাদের রান করতে হবে। আপনি যদি ঠিকভাবে ব্যাটিং না করেন এবং স্কোরবোর্ডে রান না থাকে, তাহলে বোলারদের জন্যও কাজ করা কঠিন হয়ে যায়। এই ধরনের উইকেটে কিভাবে রান করতে হয়, সেটা আরও ভালোভাবে বুঝতে হবে।’
দুই দলের পার্থক্য কোথায় ছিল- এমন প্রশ্নে সিমন্স সরাসরি কৃতিত্ব দিয়েছেন জিম্বাবুয়েকে। তিনি বলেন, ‘ওরা আমাদের চেয়ে ভালো ব্যাটিং করেছে। নিজেদের কন্ডিশনে কিভাবে খেলতে হয়, সেটা তারা জানে। স্বাভাবিকভাবেই নিজেদের মাঠে তারা ব্যাটিং ও বোলিং- দুই বিভাগেই আমাদের চেয়ে ভালো ছিল।’ তিন দিনের মধ্যে হারের হতাশা স্বীকার করলেও সেটিকে শিক্ষা হিসেবে দেখছেন সিমন্স, ‘এটা অবশ্যই হতাশাজনক। কিন্তু এটা আমাদের নিজেদের ভুলের ফল। জিম্বাবুয়ে ভালো খেলেছে, তবে আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। এই তিক্ত অভিজ্ঞতা মেনে নিয়েই সামনে এগোতে হবে।’
Advertisement
হারের মধ্যেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বাংলাদেশের কোচ। বিশেষ করে দ্বিতীয় দিনের লড়াইয়ে সন্তুষ্ট তিনি, ‘দ্বিতীয় দিনের সকালে আমাদের ছেলেরা দারুণ লড়াই করেছে। ওই পরিস্থিতিতে অনেক দলই হাল ছেড়ে দেয়। কিন্তু আমরা লড়েছি এবং শেষ পর্যন্ত ওদের ৪১০ রানে থামাতে পেরেছি, এটাও ইতিবাচক দিক।’
এসকেডি/আইএইচএস