বিনোদন

বিসিএস ক্যাডার হলেন সংগীতশিল্পী মুগ্ধ

কণ্ঠশিল্পী মির্জা তানজিম শরীফ মুগ্ধ এবার যোগ করলেন নতুন এক পরিচয়। ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশ পাওয়া এই শিল্পী মেধাতালিকায় দেশের প্রথম ৫০ জনের মধ্যেও স্থান করে নিয়েছেন।

Advertisement

মঙ্গলবার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই সুখবরটি জানিয়েছেন মুগ্ধ। এক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। ৪৭তম বিসিএস। প্রশাসন ক্যাডার। মেধাক্রমে দেশের প্রথম ৫০-এ স্থান করে নিয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্তির সুসংবাদ জানাই সবাইকে।’

বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন মুগ্ধ। নিজের অনুভূতি প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘শত দায়িত্বের চাপ, সহস্র সংশয়, দোটানা। তারপরও অজস্র প্রশ্নোত্তরের খোঁজে ৪৭, সমুদ্র পাড়ি দেওয়া বান্দার শ্রমের প্রতিদান যিনি দিয়েছেন, সেই মহান রাব্বুল আলামিনের দরবারে লাখোকোটি শুকরিয়া।’

আরও পড়ুন নতুন সিনেমার সাফল্য নিয়ে যা বললেন জয়া আহসান

একই সঙ্গে শিক্ষকতা পেশার প্রতি নিজের ভালোবাসার কথাও তুলে ধরেন তিনি। মুগ্ধ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় আমাকে যে আত্মতৃপ্তি দিয়েছে, বিসিএসের এই সাফল্যের আনন্দের মধ্যেও সেই অনুভূতির মূল্য কমে যায়নি।’

Advertisement

আরও পড়ুন যে ভুলের জন্য আজও আক্ষেপ করেন সৈয়দ আব্দুল হাদী  

সংগীতপ্রেমীদের কাছে মির্জা তানজিম শরীফ মুগ্ধ পরিচিত মুখ। ২০১০ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসেন তিনি। সংগীতের পাশাপাশি উপস্থিত বক্তৃতা, রচনা ও চিত্রাঙ্কনেও দক্ষতার পরিচয় দিয়েছেন এই বহুমুখী প্রতিভার অধিকারী।

এমএমএফ