খেলাধুলা

বার্সেলোনা নয়, ১৬৮৩ কোটি টাকায় লিভারপুলে যোগ দিচ্ছেন পিএসজি তারকা!

ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুলে যোগ দিচ্ছেন পিএসজির ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলা। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) এই তারকা ইতোমধ্যে লিভারপুলের সঙ্গে সমঝোতায় পৌঁছে গেছেন। তবে দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার ফি নিয়ে এখনও বড় ধরনের ব্যবধান থাকায় চুক্তি চূড়ান্ত হয়নি।

Advertisement

ফরাসি দৈনিক লেকিপে জানিয়েছে, ২৩ বছর বয়সী বারকোলা পিএসজিকে জানিয়ে দেন যে, তিনি বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নতুন কোনো চুক্তিতে সই করবেন না। ২০২৮ সাল পর্যন্ত তার বর্তমান চুক্তি থাকলেও ক্যারিয়ারের পরবর্তী ধাপে নিজেকে ইংলিশ প্রিমিয়ার লিগে দেখতে চান তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি লিভারপুলের নতুন প্রধান কোচ আন্দোনি ইরাওলার সঙ্গে বারকোলার ইতিবাচক আলোচনা হয়েছে। ক্লাবের কয়েকজন শীর্ষ কর্মকর্তার সঙ্গেও সম্ভাব্য ট্রান্সফার নিয়ে কথা বলেছেন তিনি। যদিও ব্যক্তিগত শর্তে নীতিগত সমঝোতা হয়েছে, এখনো আনুষ্ঠানিক চুক্তিপত্রে স্বাক্ষর করেননি দুই পক্ষ।

নিয়মিত একাদশে জায়গা চান বারকোলা

Advertisement

গত তিন মৌসুমে পিএসজির হয়ে সফল সময় কাটালেও শেষ দিকে নিয়মিত শুরুর একাদশে জায়গা না পাওয়ায় কিছুটা হতাশ ছিলেন বারকোলা। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাকে প্রায়ই বদলি হিসেবে ব্যবহার করা হয়েছে।

ফ্রান্স জাতীয় দলের এই উইঙ্গারের বিশ্বাস, এখন সময় এসেছে নতুন চ্যালেঞ্জ নেওয়ার। আর সেই কারণেই লিভারপুলকে নিজের প্রথম পছন্দ হিসেবে বেছে নিয়েছেন তিনি। অ্যানফিল্ডে নিয়মিত খেলার সুযোগ পাওয়ার আশাতেই ইংল্যান্ডে পাড়ি জমাতে আগ্রহী বারকোলা।

বড় বাধা ট্রান্সফার ফি

খেলোয়াড়ের সম্মতি মিললেও সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে ট্রান্সফার ফি নিয়ে। লিভারপুল ইতোমধ্যে পিএসজির সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে। তবে দুই ক্লাবের মূল্যায়নের মধ্যে এখনো বড় পার্থক্য রয়েছে।

Advertisement

ফরাসি চ্যাম্পিয়নরা বারকোলাকে বিক্রি করতে পুরোপুরি অনাগ্রহী নয়, কিন্তু তার জন্য বিশাল অঙ্কের অর্থ দাবি করছে। প্রতিবেদনে বলা হয়েছে, পিএসজি ১২০ মিলিয়ন ইউরোরও বেশি ট্রান্সফার ফি চাইছে, যা লিভারপুলের জন্য বড় আর্থিক চ্যালেঞ্জ।

আগামী কয়েকদিনে দুই ক্লাবের মধ্যে আলোচনা আরও জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে। বারকোলার লিভারপুলে যোগ দেওয়ার আগ্রহ আলোচনায় ইংলিশ ক্লাবটিকে কিছুটা সুবিধা দিলেও শেষ পর্যন্ত সবকিছু নির্ভর করবে ট্রান্সফার ফি নিয়ে সমঝোতার ওপর।

যদি দুই ক্লাব কোনো সমঝোতায় পৌঁছাতে না পারে, তাহলে লিভারপুলকে এই চুক্তি থেকে সরে আসতেও হতে পারে। তবে বারকোলার স্পষ্ট ইচ্ছা অ্যানফিল্ডে যোগ দেওয়া- এটি ট্রান্সফার আলোচনায় লিভারপুলের অন্যতম বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

আইএইচএস/