রাজধানীর মিরপুর-২ এলাকায় মিরপুর কলেজের দেওয়াল ধসে দুজন নিহত ও সাতজন আহত হওয়ার ঘটনায় রাজউক, গণপূর্ত অধিদপ্তর ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদস্যদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।
Advertisement
তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রশাসক বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। আজকের এ মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
তিনি জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দেখা গেছে, ২০১৪ সালে নির্মিত দেওয়ালটিতে প্রয়োজনীয় নির্মাণমান অনুসরণ করা হয়নি। দেওয়ালে রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট (আরসিসি) ব্যবহার না করে শুধু ইটের গাঁথুনির মাধ্যমে নির্মাণ করা হয়েছিল। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মো. শফিকুল ইসলাম খান বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অবশিষ্ট দেওয়ালগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয়ভাবে শক্তিশালী করা হবে।
টিসিবির পণ্য সংগ্রহ করতে এসে যারা আহত হয়েছেন, তাদের আর্থিক সহায়তার বিষয়ে সরকার উদ্যোগ নেবে বলেও জানান ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আহতদের হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, ডিএনসিসির প্রধান প্রকৌশলী এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
Advertisement
এমএমএ/এমএমকে