দেশজুড়ে

একই লাইনে মুখোমুখি দুই ট্রেন, লাফিয়ে আহত ৪

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর রেলস্টেশনে একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি চলে আসে। এতে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়ে অন্তত চারজন আহত হয়েছেন। তবে চালক ও স্টেশন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেন দুটি।

Advertisement

বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকাল সাড়ে আটটার দিকে ৪৯২ নম্বর কলেজ ট্রেনটি সুখানপুকুর রেলস্টেশনে প্রবেশ করছিল। ঠিক সেসময় বিপরীত দিক থেকে পদ্মরাগ ট্রেনটিও একই লাইনে চলে আসে। দুটি ট্রেনকে একই লাইনে মুখোমুখি অবস্থায় দেখে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়। সম্ভাব্য ভয়াবহ সংঘর্ষের আশঙ্কায় বেশ কয়েকজন যাত্রী চলন্ত ট্রেন থেকে তাড়াহুড়ো করে লাফিয়ে পড়েন। এতে অন্তত চারজন আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

সুখানপুকুর রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মতিন জানান, মূলত কলেজ ট্রেনকে সিগন্যাল ও লাইন ক্লিয়ার দেওয়ার আগেই পদ্মরাগ ট্রেনটি একই লাইনে ঢুকে পড়ার কারণে এই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। একই লাইনে ট্রেন চলে আসতে দেখে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন বলে তিনি উল্লেখ করেন।

Advertisement

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাটি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। একই সময়ে কীভাবে দুটি ট্রেন একই লাইনে প্রবেশ করলো, তার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।

ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সংশ্লিষ্টদের দায়িত্ব ও সিগন্যালিং কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এল.বি/এফএ/জেআইএম

Advertisement