গরম ভাতের সঙ্গে ভর্তা পেলে বাঙালির আর কিছুই লাগে না। আবার পান্তা ভাতের সঙ্গেও নানা রকম ভর্তার জুড়ি মেলা ভার। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করা যায় সুস্বাদু ভর্তা। ঝিঙে দিয়ে তরকারি তো প্রায়ই রান্না হয়, কিন্তু এর খোসা ফেলে না দিয়ে বানিয়ে নিতে পারেন মজাদার ঝিঙের খোসার ভর্তা। অল্প কিছু মসলা আর কয়েক মিনিটে তৈরি করা এই পদটি স্বাদে যেমন অনন্য, তেমনি অপচয় কমিয়ে পুষ্টিও বাড়াবে।
Advertisement
প্রথমে ঝিঙে ভালোভাবে ধুয়ে মোটা করে খোসা ছড়িয়ে আলাদা করে রাখুন। এরপর একটি কড়াইতে সরিষার তেল গরম করে রসুন, পেঁয়াজ ও কাঁচা মরিচ হালকা সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। একই কড়াইতে প্রয়োজন হলে আরও সামান্য তেল দিয়ে ঝিঙের খোসার সঙ্গে স্বাদমতো লবণ মিশিয়ে ঢেকে দিন। মাঝারি আঁচে নরম হওয়া পর্যন্ত ভেজে বা সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিন। খোসা ঠান্ডা হয়ে এলে ভাজা রসুন, পেঁয়াজ ও কাঁচা মরিচের সঙ্গে একসঙ্গে শিলপাটায় বেটে নিন।
চাইলে ব্লেন্ডারেও মিহি করে নিতে পারেন। আরও সুগন্ধ ও স্বাদ আনতে চাইলে বাটা ভর্তাটি আবার কড়াইতে এক চা চামচ সরিষার তেলে হালকা নেড়েচেড়ে নামিয়ে নিন। সবশেষে গরম ভাত বা পান্তা ভাতের সঙ্গে পরিবেশন করুন।
টিপস কাঁচা গন্ধ এড়াতে খোসা ভালোভাবে নরম করে ভেজে বা সিদ্ধ করে নিন। শিলপাটায় বাটলে ভর্তার স্বাদ আরও বেশি হয়। তবে ব্লেন্ডার ব্যবহার করলেও সমস্যা নেই। সরিষার তেল ব্যবহার করলে ভর্তায় আলাদা ঝাঁঝালো সুগন্ধ আসে। পরিবেশনের আগে ওপর থেকে অল্প কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিতে পারেন। ঝাল বেশি পছন্দ করলে অতিরিক্ত কাঁচা মরিচ বা শুকনা মরিচ ভেজে বেটে মিশিয়ে নিতে পারেন। সামান্য ধনেপাতা কুচি বা ভাজা শুকনা মরিচ গুঁড়া মিশিয়ে দিলে স্বাদ আরও বেড়ে যায়। অল্প ভাজা চিংড়ি মাছ কুঁচি বা শুঁটকি ভেজে মিশিয়ে দিলে ভর্তা আরও সুস্বাদু হয়। আরও পড়ুন বিকেলের নাশতায় নতুনত্ব আনতে বানিয়ে ফেলুন আলুর নাগেটএসএকেওয়াই
Advertisement