দেশজুড়ে

দলবল নিয়ে নবাগত ইউএনওকে সংবর্ধনা দিলেন জামায়াত এমপি

কুষ্টিয়ার মিরপুরে নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংবর্ধনা দিয়েছেন স্থানীয় জামায়াত-সমর্থিত সংসদ সদস্য আব্দুল গফুর। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় পর্যায়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

Advertisement

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতারাও উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর মিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জোমারত আলী, উপজেলা জামায়াতের আমির ও পৌর মেয়র পদপ্রার্থী রেজাউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওমর ফারুকসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মতামত দেখা যায়। অনেকেই ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের বিষয়টি সামনে এনে প্রশ্ন তোলেন, আবার কেউ এটিকে সৌজন্য সাক্ষাৎ ও রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবে দেখেন।

Advertisement

‘আমবাড়িয়া ইউনিয়ন এনসিপি’ ফেসবুক পেজ থেকে সংবর্ধনার ছবি জুড়ে দিয়ে পোস্টে লেখা হয় ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী এমপি সংশ্লিষ্ট এলাকার প্রধান আইনপ্রণেতা ও জনপ্রতিনিধি। কিন্তু তবুও একজন এমপি গেছেন ইউএনওকে সংবর্ধনা প্রদান করতে। এই ঘটনা ঘটেছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায়।’

ওই পোস্টে আরো বলা হয়, কুষ্টিয়া-২ আসনের (মিরপুর-ভেড়ামারা) এমপি আব্দুল গফুর ফলাও করে দলীয় নেতাকর্মীদের নিয়ে ইউএনওকে সংবর্ধনা প্রদান করেন। একজন ইউএনও যেখানে একজন উপজেলা চেয়ারম্যানকে স্যার ডাকেন, সেখানে একজন এমপি গেছেন ইউএনওকে স্যারের জায়গায় অধিষ্ঠিত করতে। হায় হতভাগা মিরপুর-ভেড়ামারাবাসী।

ক্ষোভ প্রকাশ করে সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মিজানুর রহমান বলেন, সাধারণত স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তা বা জনপ্রতিনিধিরাই সংসদ সদস্যকে অভ্যর্থনা বা শ্রদ্ধা জানিয়ে থাকেন। কিন্তু একজন এমপি যেভাবে দলবল নিয়ে ইউএনওকে সংবর্ধনা দিতে গেলেন, তাতে প্রজাতন্ত্রের কর্মকর্তার সামনে শক্তির মহড়া ও অপ্রকাশিত রাজনৈতিক চাপ তৈরির একটি বার্তা যায়। এছাড়া এতে সরকারি কর্মকর্তার নিরপেক্ষতাও নিয়েও প্রশ্ন ওঠে।

তবে এ উদ্যোগের পক্ষে মত দিয়েছেন অনেকে। তারা মনে করেন, এটি রাজনৈতিক শিষ্টাচার হিসেবে ধরা যায়। এতে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার পথ আরও সুগম হবে। এ বিষয়ে নবাগত ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, রোববার আমার নতুন কর্মস্থল মিরপুরে যোগদান করেছি। সোমবার এমপি স্যারের দল জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা দেখা করেছেন। মঙ্গলবার সকালে এমপি স্যার নিজে আমাকে সংবর্ধনা দিতে এসেছিলেন।

Advertisement

বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে ইউএনও বলেন, একসঙ্গে যেহেতু কাজ করব, সেই জায়গা থেকে স্যার আমাকে নিজ থেকেই সংবর্ধনা জানিয়েছেন এবং উপহার দিয়েছেন। এর বাইরেও স্যারের সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে সংসদ সদস্য আব্দুল গফুরের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। যে কারণে এ বিষয়ে তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে নিজের ফেসবুক পেজে ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার ছবি পোস্ট দিয়ে মিরপুর উপজেলাবাসীর পক্ষ থেকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আল-মামুন সাগর/কেএইচকে/এএসএম