চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে আন্ডারওয়্যারের ভেতরে লুকিয়ে আনা কোটি টাকা মূল্যের স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় এক ভারতীয় যাত্রীকে আটক করা হয়েছে।
Advertisement
শনিবার (১ আগস্ট) সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান ভারতীয় নাগরিক থামিম আনসারি। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার পর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি দল তাকে শনাক্ত করে।
আরও পড়ুন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার সিগারেট, সোনা ও মদ জব্দএক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিআইআইডি। সংস্থাটি জানায়, শনাক্তের পর দেহ তল্লাশি চালিয়ে তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ক্যাপসুলসদৃশ আকৃতির স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।
সিআইআইডি জানায়, প্রাথমিকভাবে প্যাকিং সামগ্রীসহ উদ্ধার হওয়া বস্তুর ওজন ৪৫৫ গ্রাম। বর্তমানে স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী অপসারণ করে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে। প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
Advertisement
এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ বিভিন্ন ধরনের চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএম/এমআরএম
Advertisement