খেলাধুলা

বিকেএসপিতে শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, তদন্তে ক্রীড়া মন্ত্রণালয়

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দশম শ্রেণির কারাতে বিভাগের শিক্ষার্থী ইয়াসার আহমেদ জিমের আকস্মিক মৃত্যু হয় গত ২৮ জুলাই রাত ১১ টার পর। এ নিয়ে তৈরি হয়েছে নানা রহস্য। কারণ, ওই শিক্ষার্থী যে দূর্ঘটনায় মারা গেছেন তা তৈরি করছে অনেক প্রশ্ন। যে কারণে দেশের ক্রীড়ার অভিভাবক যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখতে গঠন করেছে ৫ সদস্যের একটি কমিটি। যু্ব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ক্রীড়া-২, অনুবিভাগ) মো. মাহফুজুল আলম খানকে প্রধান করে গঠিত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Advertisement

বিকেএসপি কর্তৃপক্ষের প্রাথমিক তথ্যানুযায়ী, গত ২৮ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা থেকে ১:৩০ টার মধ্যে কোনো এক সময় অনুশীলন শেষে ফেরার পথে ক্যাম্পাসের একটি দেয়াল টপকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ইয়াসার আহমেদ জিম। তবে বিকেএসপির মতো একটি নিশ্ছিদ্র ও সংরক্ষিত সরকারি ক্যাম্পাসের ভেতরে কিভাবে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটলো, তা নিয়ে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর ইয়াসারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর দফতর।

নিহত ইয়াসার কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখতার আহমেদের ছেলে। ছোটবেলা থেকেই কারাতে নিয়ে স্বপ্ন দেখা এই মেধাবী শিক্ষার্থী বাবার হাত ধরে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছিলেন। তার এমন আকস্মিক ও মর্মান্তিক প্রয়াণে নিহতের পরিবারসহ ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুরহস্যের জট খুলতে নবগঠিত তদন্ত কমিটিকে বিস্তারিত তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। একই সাথে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়ানোর জন্য সুনির্দিষ্ট সুপারিশমালা প্রণয়ন করতে বলা হয়েছে।

Advertisement

আরআই/আইএন