খেলাধুলা

বিশ্বকাপের পর দুঃসংবাদই পিছুই ছাড়ছে না আর্জেন্টাইন তারকার

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। সেই হতাশা কাটিয়ে ওঠার আগেই একের পর এক দুঃসংবাদ পেতে হচ্ছে দলের তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে।

Advertisement

ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স করেও দলকে শিরোপা এনে দিতে পারেননি মার্টিনেজ। অতিরিক্ত সময়ে একমাত্র গোলে ১-০ ব্যবধানে হেরে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে প্রায় ১১টি গুরুত্বপূর্ণ সেভ করলেও শেষ পর্যন্ত পরাজয়ের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে।

শুধু বিশ্বকাপ ট্রফিই নয়, ব্যক্তিগত স্বীকৃতিও হাতছাড়া হয়েছে এই আর্জেন্টাইন গোলরক্ষকের। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের জন্য দেওয়া ‘গোল্ডেন গ্লাভস’ পুরস্কার জিতে নিয়েছেন স্পেনের উনাই সিমন। ফলে বিশ্বকাপ শেষ হয়েছে মার্টিনেজের জন্য দ্বিগুণ হতাশা নিয়ে।

এর মধ্যেই আরও একটি ধাক্কা এসেছে ক্লাব ফুটবলে। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে যোগ দেওয়ার সম্ভাবনাও ভেস্তে গেছে তার।

Advertisement

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, জুভেন্টাসের সঙ্গে মার্টিনেজের আলোচনা বেশ এগিয়েছিল। তবে অ্যাস্টন ভিলার চাওয়া বড় অঙ্কের ট্রান্সফার ফি মেনে নিতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত আলোচনার টেবিল ছেড়ে উঠে যায় ইতালির ক্লাবটি।

ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোও জানিয়েছেন, অ্যাস্টন ভিলার নির্ধারিত উচ্চ মূল্যই এই চুক্তি ভেস্তে যাওয়ার প্রধান কারণ। উনাই এমেরির অধীনে খেলা মার্টিনেজকে ছাড়তে হলে মোটা অঙ্কের অর্থই চেয়েছিল ইংলিশ ক্লাবটি।

এমন পরিস্থিতি অবশ্য মার্টিনেজের জন্য নতুন নয়। ২০২৫ সালের মে মাসে প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ ম্যাচের পর সমর্থকদের উদ্দেশে আবেগঘন বিদায় জানিয়েছিলেন তিনি। তখন অনেকেই ধরে নিয়েছিলেন, দীর্ঘদিনের ঠিকানা অ্যাস্টন ভিলা ছেড়ে নতুন কোনো ক্লাবে যোগ দিচ্ছেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

কিন্তু প্রত্যাশিত কোনো প্রস্তাব না আসায় শেষ পর্যন্ত ভিলা পার্কেই থেকে যান তিনি। এবারও জুভেন্টাসের সঙ্গে আলোচনা ভেঙে যাওয়ায় মার্টিনেজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি আদৌ অ্যাস্টন ভিলা ছাড়তে পারবেন কি না, নাকি আরও একটি মৌসুম ইংল্যান্ডেই কাটাতে হবে- সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

আইএইচএস/