খেলাধুলা

ব্যাট হাতে বিস্ফোরণ! ৯১ বলে ২৫ ছক্কায় ২৩৩ রান ভারতীয় ব্যাটারের

আন্তর্জাতিক ক্রিকেটে টানা ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েছিলেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। তবে সমালোচনার জবাবটা দিলেন ব্যাট হাতে। পাঞ্জাব আন্তঃজেলা সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টে অবিশ্বাস্য এক ইনিংস খেলে আবারও নিজের বিধ্বংসী রূপ দেখালেন এই বাঁ-হাতি ব্যাটার।

Advertisement

অমৃতসর সিনিয়র দলের হয়ে টার্ন টার্নের বিপক্ষে মাত্র ৯১ বলে ২৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন অভিষেক। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ২৫টি বিশাল ছক্কা। অর্থাৎ শুধু বাউন্ডারি থেকেই তিনি তুলে নিয়েছেন ২১০ রান। স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৫৬.০৪।

অভিষেকের দল অমৃতসর সিনিয়র এই ইনিংসের ওপর ভর করে ৫০ ওভারে সংগ্রহ করেছে ৮ উইকেট হারিয়ে ৫৩৩ রান।

অভিষেকের এই বিস্ফোরক ইনিংসের স্কোরকার্ড ও ব্যাটিংয়ের ছবি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ছন্দ হারানোর পর এমন ইনিংস অনেকের কাছেই তার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে।

Advertisement

তবে বাস্তবতা হলো, চলতি বছরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক নিজের সেরাটা দেখাতে পারেননি। বছরের শুরুতে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠলেও বর্তমানে তিনি তিন নম্বরে নেমে এসেছেন।

ABHISHEK SHARMA MAKES A STATEMENT - He smashed 233 runs from just 91 balls with 15 fours & 25 sixes against Tarn Taran Men Sr in the One Day District match pic.twitter.com/QV4k83Oo5e

— Johns. (@CricCrazyJohns) August 2, 2026

সম্প্রতি জিম্বাবুয়ে সফরে তিন ইনিংসে মাত্র ১১ রান করেন তিনি। গড় ছিল মাত্র ৩.৬৬। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে করেছিলেন ১৩১ রান, যেখানে গড় ছিল ২৬.২০। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে করেন মাত্র ৪৯ রান। সব মিলিয়ে শেষ ১০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইনিংসে তার ঝুলিতে রয়েছে মাত্র একটি অর্ধশতক।

পরিসংখ্যানের পাশাপাশি উদ্বেগের বিষয় হয়ে উঠেছে তার আউট হওয়ার ধরনও। জিম্বাবুয়ে সিরিজের তিন ম্যাচেই তাকে ফিরিয়েছেন লম্বা পেসার ব্লেসিং মুজারাবানি।

Advertisement

প্রথম ম্যাচে অফ স্ট্যাম্পের বাইরের বল উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন। দ্বিতীয় ম্যাচে অতিরিক্ত বাউন্সের বল ঠেলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ তুলে দেন। তৃতীয় ম্যাচে ক্রিজে জায়গা তৈরি করে খেলতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দেন।

আউটের ধরন ভিন্ন হলেও সমস্যা ছিল একই- অফ স্টাম্পের বাইরের গতির বল সামলাতে বারবার ব্যর্থ হচ্ছিলেন তিনি। প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী পেস আক্রমণ নয়। তাই আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সিরিজ হিসেবে বিবেচিত হলেও সেটি অভিষেকের জন্য উল্টো হতাশার কারণ হয়ে দাঁড়ায়।

জিম্বাবুয়ে দলও তার দুর্বলতা ভালোভাবেই কাজে লাগায়। প্রথমে অফস্পিনার সিকান্দার রাজাকে দিয়ে তাকে চাপে ফেলা হয়, যে ধরনের বোলিংয়ের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভুগেছিলেন অভিষেক। এরপর মুজারাবানির গতি ও বাউন্সে শেষ পর্যন্ত উইকেট হারান তিনি।

STATEMENT KNOCK BY ABHISHEK SHARMA.Runs: 233Balls: 091Fours: 15Sixes: 25SR: 256.04Abhishek Sharma smashed 233 off 91 balls for Amritsar vs Tarn Taran in a Punjab Inter-District One-Day tournament match. pic.twitter.com/JLzmw9NPUp

— Maina Singh (@Maina_Singhx77) August 2, 2026

তার সাম্প্রতিক পরিসংখ্যানও পতনের ছবিটাই স্পষ্ট করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যেখানে তার ব্যাটিং গড় ছিল ৩৭.০৫ এবং স্ট্রাইক রেট ছিল প্রায় ১৯৫, বিশ্বকাপের পর সেই গড় নেমে এসেছে ১৯.৪-এ এবং স্ট্রাইক রেট কমে দাঁড়িয়েছে ১৬৫।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, আগ্রাসী ব্যাটিং ও ধারাবাহিকতার মধ্যে ভারসাম্য খুঁজে পাচ্ছেন না অভিষেক। যে নির্ভীক ব্যাটিং তাকে ভারতের অন্যতম ভয়ংকর টি-টোয়েন্টি ওপেনারে পরিণত করেছিল, সেটিই যেন এখন কিছুটা হারিয়ে গেছে। তবে ঘরোয়া ক্রিকেটে ৯১ বলে ২৩৩ রানের এই দুর্দান্ত ইনিংস হয়তো আবারও তাকে আত্মবিশ্বাসের পথে ফিরিয়ে আনবে এবং আন্তর্জাতিক ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে।

আইএইচএস/