দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হতে চলেছে। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজ অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য সান-এর দাবি, আগামী শনিবার পর্তুগালের মাদেইরা দ্বীপে অনুষ্ঠিত হবে এই তারকা জুটির বহুল প্রতীক্ষিত বিয়ে।
Advertisement
প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদোর জন্ম ও বেড়ে ওঠার শহর ফুনশালে অবস্থিত ঐতিহাসিক ক্যাথেড্রালেই অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বিকেল তিনটায় শুরু হবে অনুষ্ঠান।
মাদেইরার রাজধানী ফুনশাল রোনালদোর শৈশবের স্মৃতিবিজড়িত শহর। তাই নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটিও জন্মভূমিতেই উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন আল-নাসরের এই তারকা ফুটবলার।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষে কাছাকাছি একটি বিলাসবহুল হোটেলে আয়োজন করা হবে সংবর্ধনা অনুষ্ঠান। সংবাদমাধ্যমের দাবি, অতিথিদের জন্য হোটেলের একাধিক তলা আগেই সংরক্ষণ করা হয়েছে। এমনকি হোটেল কর্তৃপক্ষ অন্যান্য অতিথিদের জানিয়ে দিয়েছে, শুক্রবার ও শনিবার দুটি তলা এবং কয়েকটি বার সাময়িকভাবে বন্ধ থাকবে।
Advertisement
একটি সূত্র দ্য সানকে জানিয়েছে, বিয়ের অনুষ্ঠানের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
২০১৬ সালে প্রথম দেখা হয় রোনালদো ও জর্জিনার। তখন মাদ্রিদের একটি গুচি স্টোরে কাজ করতেন জর্জিনা। সেখান থেকেই শুরু হয় তাদের প্রেমের গল্প। এরপর গত বছরের আগস্টে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন রোনালদো।
গত সপ্তাহে স্পেনের মায়োর্কায় ছুটি কাটানোর সময় একটি ইয়টে ওঠার আগে দুজনের হাতে হীরার আংটি দেখা যায়। সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে বিয়ের গুঞ্জন শুরু হয়।
এর আগে রোনালদো নিজেই জানিয়েছিলেন, বিশ্বকাপ শেষ হওয়ার পর বিয়ের পরিকল্পনা রয়েছে তাদের। ২০২৬ বিশ্বকাপে পর্তুগাল শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন স্পেনের কাছে বিদায় নেওয়ার পর সেই পরিকল্পনাই এবার বাস্তব রূপ পাচ্ছে বলে দাবি করছে ইউরোপীয় গণমাধ্যম।
Advertisement
৪১ বছর বয়সী রোনালদো একাধিক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, জর্জিনাই একমাত্র নারী, যার সঙ্গে তিনি জীবনের বাকি সময় কাটাতে চান। বর্তমানে এই দম্পতি পাঁচ সন্তানকে নিয়ে সুখী পারিবারিক জীবন কাটাচ্ছেন।
যদিও রোনালদো বা জর্জিনা এখনো আনুষ্ঠানিকভাবে বিয়ের ঘোষণা দেননি, তবে স্থানীয় সংবাদমাধ্যম ও দ্য সানের তথ্য অনুযায়ী, সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা কেবল ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত এই তারকা জুটির নতুন জীবনের আনুষ্ঠানিক সূচনার।
আইএইচএস/