বিনোদন

৫ আগস্ট সোহরাওয়ার্দী উদ্যানে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ আয়োজন ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। আগামী ৫ আগস্ট বিকেল ৩টা থেকে শুরু হবে এই মেগা কনসার্ট।

Advertisement

সংস্কৃতি মন্ত্রণালয় ও ব্যান্ডস মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বামবা) যৌথ উদ্যোগে আয়োজিত এ কনসার্টে অংশ নেবে দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড। আয়োজকদের প্রত্যাশা, সংগীতের মাধ্যমে গণতন্ত্র, সংস্কৃতি ও মুক্তচিন্তার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

শনিবার (১ আগস্ট) কনসার্টের ভেন্যু পরিদর্শন করেন বামবার সভাপতি হামিন আহমেদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন, সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জুবায়ের আহমেদসহ সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভেন্যু পরিদর্শন শেষে হামিন আহমেদ জানান, কনসার্টের সব ধরনের প্রস্তুতি এগিয়ে চলছে। তিনি বলেন, এ আয়োজনে দেশের সাতটি ব্যান্ড দর্শকদের জন্য সংগীত পরিবেশন করবে। একই সঙ্গে সবাইকে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করার আহ্বান জানান তিনি।

Advertisement

আরও পড়ুন দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন বলেন, কনসার্ট ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। দর্শকদের নিশ্চিন্তে ও স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

সময় টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জুবায়ের আহমেদ বলেন, জুলাইয়ের আত্মত্যাগ ছিল গণতন্ত্রের জন্য। সেই চেতনা ধারণ করেই আয়োজন করা হচ্ছে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। তার মতে, দেশের সাংস্কৃতিক আন্দোলনে ব্যান্ড সংগীত সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই আয়োজন সেই ধারাবাহিকতারই অংশ।

আরও পড়ুন রণবীরই কেন ছিলেন ‘ধুরন্ধর’র প্রথম পছন্দ?

আয়োজকদের ভাষ্য, ৫ আগস্টের এই অনুষ্ঠান কেবল একটি সংগীতানুষ্ঠান নয়; এটি সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং গণমানুষের চেতনাকে উদযাপনের একটি বিশেষ উদ্যোগ।

উল্লেখ্য, ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’র মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে সময় টেলিভিশন।

Advertisement

এমএমএফ