প্রবাস

ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের দায়িত্ব নিলেন উপদেষ্টা আমিনুল হাজারী

ইতালির ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের মেয়াদোত্তীর্ণ নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

Advertisement

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং একটি সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে উপদেষ্টা আমিনুল হাজারীকে প্রধান করে একটি নির্বাচনকালীন অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অন্তর্বর্তী কমিটির প্রধান আমিনুল হাজারী। দায়িত্ব নেওয়ার পর এক বিবৃতিতে তিনি সংগঠনের সকল সদস্য ও ভেনিসে কর্মরত সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বিবৃতিতে আমিনুল হাজারী জানান, নতুন কার্যনির্বাহী কমিটি গঠনে সর্বোচ্চ স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং গণতান্ত্রিক চর্চাকে প্রাধান্য দেওয়া হবে। ভেনিস প্রবাসী সাংবাদিক সমাজের সবার মতামত নিয়ে দ্রুত একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি উপহার দেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

Advertisement

একই সাথে সংগঠনের ঐক্য বজায় রাখতে এবং সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় সবাইকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।

২০২২ সালে জ্যেষ্ঠ সাংবাদিক পলাশ রহমানকে ‘প্রতিষ্ঠাতা আহ্বায়ক’ করে যাত্রা শুরু করেছিল ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব। পরবর্তীতে একটি নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে সংগঠনটির প্রথম পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছিল। মেয়াদ শেষ হওয়ায় প্রবাসী সাংবাদিকদের এই শীর্ষ সংগঠনটিকে নতুন রূপে সাজাতে এবার অন্তর্বর্তী কমিটির হাতে দায়িত্ব সোপর্দ করা হলো।

এমআরএম

Advertisement