শিক্ষা

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পরদিনই বাতিল দাবি শিক্ষার্থীদের

২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তিতে ‘সংযুক্ত কলেজ’ উল্লেখকে বিতর্কিত ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে তা বাতিলের জন্য তিনদিনের আলটিমেটাম দিয়েছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

Advertisement

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নামে নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশসহ তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা। এ দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় ঢাকা কলেজ শহীদ মিনারের সামনে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের’ পক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী সাবের হোসেন। তিনি বলেন, রাজধানীর সরকারি সাত কলেজকে সমন্বিত করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি, ২০২৫ ২৬ শিক্ষাবর্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তির কিছু বিষয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ-২০২৬-এর সঙ্গে সাংঘর্ষিক বলে প্রতীয়মান হচ্ছে। এর ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Advertisement

আরও পড়ুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু

তিন দফা দাবি জানিয়ে সাবের হোসেন বলেন, আমাদের এ কর্মসূচি কোনো সংঘাত বা অস্থিতিশীলতা তৈরির জন্য নয়; বরং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং একটি স্বচ্ছ ভর্তি প্রক্রিয়া নিশ্চিত করার জন্য।

শিক্ষার্থীদের তিন দফা দাবি

১. আগামী ৩ দিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তির বিতর্কিত ও সাংঘর্ষিক বিষয়সমূহ যেমন সংযুক্ত কলেজের সার্কুলার বাদ দিতে হবে এবং আগামী ৩ কার্যদিবসের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার প্রকাশ করতে হবে।

২. আগামী ৭ কার্যদিবসের মধ্যে ভর্তি পরীক্ষা নিয়ন্ত্রক নিয়োগ দিয়ে রানিং সব সেশনকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায় ৭ কলেজে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করতে আমরা বাধ্য হব।

৩. আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ২০২৪-২৫ সেশনের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অভিন্ন আইডি কার্ড প্রদান করতে হবে।

Advertisement

এর আগে বুধবার (১০ জুন) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ জুন থেকেই অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা চলবে ২০ জুন পর্যন্ত।

আগামী ১১ জুলাই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১৭ জুলাই বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিজ্ঞান এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ফল প্রকাশের তারিখও আগাম জানিয়ে দিয়েছে। বিজ্ঞপ্তির তথ্যমতে, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ১৪ জুলাই প্রকাশ করা হবে। আর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার ফল প্রকাশ করা হবে ২০ জুলাই। ভর্তি পরীক্ষা শেষে ৬ সেপ্টেম্বর থেকে প্রথমবর্ষের ক্লাস শুরু হবে।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা- এ তিন ইউনিটের বিভিন্ন বিভাগে ৪ বছর মেয়াদি প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা আয়োজন করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি ৭ কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।

এএএইচ/ইএ