বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সময়সীমা বৃদ্ধির দাবিতে প্রশাসনের কাছে লিখিত আবেদন ও গণস্বাক্ষর জমা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
Advertisement
বুধবার (১০ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টার কাছে শিক্ষার্থীরা এ দাবি জানান।
জানা যায়, বর্তমানে বিকেল ৫টা ৪৫ মিনিটে গ্রন্থাগার বন্ধ করে দেওয়ার কারণে পড়াশোনায় চরম বিঘ্ন ঘটছে বলে অভিযোগ শিক্ষার্থীদের। বিশেষ করে সেমিস্টার ফাইনাল ও ক্লাস টেস্টের সময়ে এই সংক্ষিপ্ত সময়সূচির কারণে শিক্ষার্থীরা লাইব্রেরি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকত। শিক্ষার্থীরা অবিলম্বে সেই পুরোনো সময়সূচি পুনর্বহালের দাবি জানিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্নাতকোত্তরের এক শিক্ষার্থী বলেন, ‘বিকেল ৫টা ৪৫ মিনিটে লাইব্রেরি বন্ধ করে দেওয়ায় বেশ জটিলতা দেখা দিচ্ছে। সেমিস্টার ফাইনাল ও ক্লাস টেস্টের সময় আমাদের বেশি পড়তে হয়, কিন্তু লাইব্রেরি বিকেলেই বন্ধ হয়ে যাওয়ায় পড়াশোনা ব্যাহত হচ্ছে।
Advertisement
এ বিষয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, শিক্ষার্থীদের লাইব্রেরির সময়সীমা বাড়ানোর আবেদনটি আমরা ইতিবাচকভাবেই দেখছি। আমাদের সবসময় প্রচেষ্টা থাকে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পড়াশোনায় করতে পারে। পূর্বে মূলত সরকারি নির্দেশনা ও জ্বালানি সংকটের কারণে সময় কমানো হলেও, এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় লাইব্রেরির সময় বাড়িয়ে অন্য কোনো ক্ষেত্রে অপচয় রোধ করে তা সমন্বয় করার কথা ভাবছি।
তিনি বলেন, এ বিষয়ে লাইব্রেরিয়ান ইতোমধ্যেই প্রশাসনের কাছে ফাইল পাঠিয়েছেন এবং ভিসি স্যারের সঙ্গেও আলোচনা করে দ্রুত একটি ইতিবাচক সমাধানের চেষ্টা করবো।
কেএইচকে/জেআইএম
Advertisement