ক্যাম্পাস

রাবির প্যারিস রোডে ৪৮ দেশের পতাকা

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে উৎসবমুখর পরিবেশে সাজতে শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস। বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্যারিস রোডে অংশগ্রহণকারী ৪৮টি দেশের জাতীয় পতাকা টানানো হয়েছে।

Advertisement

সরেজমিনে দেখা যায়, টানানো পতাকাগুলোতে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া দেশগুলোর জাতীয় পরিচয় ও বৈচিত্র্য ফুটে উঠেছে, যা ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে আগাম আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে। অনেক শিক্ষার্থীকে তাদের প্রিয় দলের পতাকার নিচে দাঁড়িয়ে ছবি তুলতে এবং সমর্থন জানাতে দেখা গেছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তুহিন প্রধান বলেন, বিশ্বকাপকে কেন্দ্র করে ক্যাম্পাসে এমন আয়োজন নতুন মাত্রা যোগ করেছে। এতে একদিকে যেমন বিশ্বকাপের আবহ তৈরি হয়েছে, অন্যদিকে বিভিন্ন দেশের প্রতি সম্মান ও আন্তর্জাতিক সম্প্রীতির বার্তাও পৌঁছে যাচ্ছে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, কোনো দেশের পতাকায় সেই দেশের সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্যতা ফুটে ওঠে। রাবির এ উদ্যোগের ফলে তরুণ রাবিয়ানরা বিশ্বের ৪৮টি দেশের সামাজিক সাংস্কৃতিক বৈচিত্র্যতা সম্পর্কে অবগত হতে পারবে। যা তাদের আন্তর্জাতিক সৌহার্দ্য সম্প্রীতি সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে। তরুণরা উৎসবমুখর পরিবেশ সবসময়ই পছন্দ করে। এ উদ্যোগের ফলে রাবিতে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। উদ্যোগটি যেন তারুণ্যের ফুটবল কথাটির বাস্তব প্রতিফলন ঘটায়।

Advertisement

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির হাসান হিমেল এ ব্যতিক্রমী উদ্যোগের কথা জানিয়ে বলেন, ‘ফুটবল বিশ্বকাপ বিশ্বের অন্যতম বৃহৎ ক্রীড়া আয়োজন। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সেই চিন্তা থেকেই শিক্ষার্থীদের মাঝে বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করে নিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, পুরো আয়োজনটিতে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।

কেএইচকে/এমএস

Advertisement