রাজনীতি

নৈতিকতা ও জনসেবার মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে: শাহজাহান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীদের উন্নত চরিত্র, সততা, নৈতিকতা ও জনসেবার মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

Advertisement

শুক্রবার (১৯ জুন) চট্টগ্রাম নগরের সদরঘাট থানা জামায়াত আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান বলেন, বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের কর্মীদের আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা ও আদর্শিক দৃঢ়তার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। কোরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজে ন্যায়, ইনসাফ ও মানবকল্যাণ প্রতিষ্ঠার জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করা এবং দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করাই একজন ইসলামী কর্মীর অন্যতম দায়িত্ব।

Advertisement

সদরঘাট থানা জামায়াতের আমির এম এ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বলেন, একজন ইসলামী আন্দোলনের কর্মীকে আল্লাহভীরু, আমানতদার, দায়িত্বশীল, ধৈর্যশীল ও আত্মত্যাগী হতে হবে। ব্যক্তিগত জীবনে ইসলামী আদর্শের প্রতিফলন ঘটিয়ে সমাজে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগর সহকারী সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মুহাম্মদ শফিউল আলম।

শিক্ষা শিবিরে সদরঘাট থানা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা আদর্শ বাস্তবায়নে দক্ষ, সুশৃঙ্খল ও জনমুখী কর্মীবাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement

এমআরএএইচ/এএমএ