দেশজুড়ে

এক আমের ওজন চার কেজি, দেখতে মানুষের ভিড়

জাতের নাম ‘চার কেজি’। আবার ওজনেও চার কেজি। দিনাজপুরে ফল মেলায় উঠেছে এমনই একটি আম। বিশালাকৃতির আমটি দেখতে ফলপ্রেমীরা ভিড় করছেন।

Advertisement

দিনাজপুরের খামারবাড়িতে বৃহস্পতিবার (১৮ জুন) এ মেলা শুরু হয়েছে। চলবে শনিবার (২১ জুন) সন্ধ্যা পর্যন্ত। মেলার আয়োজক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

মেলায় ব্রুনাই কিং, চিয়াংমাই, ই২আর২, সিমুয়াং, তিন কেজি, ঊষাপূনী, ডকমাই, কিউযাই, লেডিজেন, কিং অব চাকাপাত, গ্লেন, অমলিকা, তাইওয়ান রেড, মিয়াজাকি, কিউজাই, চিয়াংমাই, হানিভিউ, থ্রি টেস্ট, ডাকমাই, রেড পালমার, অস্টিন, চিয়াংমাই১, রেড আভিরি অমলিকা জাতের আমসহ কাঁঠাল, লিচু এবং দেশি-বিদেশি বিভিন্ন ফল প্রদর্শিত হচ্ছে।

তবে মেলায় আগতদের দৃষ্টি কেড়ছে দিনাজপুর জেলা পুলিশ সুপার কার্যালয় চত্বরে উৎপাদিত বিভিন্ন জাতের আমের মধ্যে চার কেজি জাতের আম। স্টলে আমের পাশে ছোট টোকেনে ‘৪ কেজি’ লেখা দেখে যে কেউ মনে করবেন, আমটির ওজন কেজি। এই ধারণাও ভুল নয়। আমটির ওজন সত্যিই চার কেজি, আবার জাতের নামও ‘৪ কেজি’।

Advertisement

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আনিছুজ্জামান জানান, চার কেজি জাতের আমটির ওজন সাধারণত চার কেজিই হয়ে থাকে। তাই এই আমটির নাম রাখা হয়েছে চার কেজি।

মেলায় আসা সুইট বেগম বলেন, ‘আমি অনেক জাতের আম দেখেছি। কিন্তু একটি আমের ওজন চার কেজি কখনো দেখেনি। আবার অবাক হয়েছি আমটির নামও চার কেজি।’

এমদাদুল হক মিলন/এসআর/এএসএম

Advertisement