বিশ্বকাপের বর্তমান সূচি বিন্যাস নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন জার্মানির কোচ হুলিয়ান নাগেলসম্যান। তার দাবি, গ্রুপ ‘ই’-তে শীর্ষস্থান নিশ্চিত করার পরও তার দল এক ধরনের অন্যায্য শাস্তি পাচ্ছে। বিশেষ করে নকআউট পর্বের আগে খুব কম সময়ের মধ্যে প্রতিপক্ষ বিশ্লেষণের বাধ্যবাধকতা কোচিং স্টাফদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
Advertisement
আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ ‘ই’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে জার্মানি। টরন্টোয় পাওয়া এই জয়ের ফলে নকআউটে হলেও নকআউট পর্বের সূচি তাদের জন্য নতুন সমস্যা তৈরি করেছে।
আগামী ২৯ জুন বোস্টনে গ্রুপ ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’ অথবা ‘এফ’-এর কোনো তৃতীয় স্থান অধিকারী দলের মুখোমুখি হবে জার্মানি। কিন্তু তাদের প্রতিপক্ষ কে হবে, তা শনিবার রাতের শেষ গ্রুপ ম্যাচগুলো শেষ হওয়ার আগে নিশ্চিত হবে না। প্রতিপক্ষ নিশ্চিত হতে এত দেরি হওয়ায় প্রস্তুতি নেওয়া কঠিন হয়ে পড়ছে বলে মনে করেন নাগেলসম্যান।
তিনি বলেন, ‘গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে আপনি যেন কিছুটা শাস্তি পাচ্ছেন, এটা আমার কাছে আদর্শ কোনো ব্যবস্থা বলে মনে হয় না। আমি এর বড় কোনো সমর্থক নই। যে কেউ বুঝবে, শনিবার রাতভর প্রতিপক্ষের ভিডিও বিশ্লেষণ করে রোববার দলের সামনে তাদের সম্পর্কে উপস্থাপনা করার চেয়ে আরও ভালো সূচি বিন্যাস থাকা সম্ভব।’
Advertisement
প্রস্তুতির সময় কমে যাওয়ার বিষয়টি মাথায় রেখে সম্ভাব্য প্রতিপক্ষদের নিয়ে আগেভাগেই কাজ শুরু করেছে জার্মানির টেকনিক্যাল স্টাফরা, যাতে প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার পর একেবারে অপ্রস্তুত অবস্থায় না পড়তে হয়।
নাগেলসম্যান বলেন, ‘সম্ভাব্য প্রতিপক্ষদের আমরা ভাগ করে নিয়েছি। আমি কিছু ম্যাচ দেখেছি, আমাদের বিশ্লেষক দলও কিছু ম্যাচ দেখেছে। সম্ভাব্য প্রতিপক্ষদের তিন-চারটি করে ম্যাচ আমরা ইতোমধ্যে দেখে ফেলেছি। মাঝেমধ্যে সারা রাত জেগে কাজ করতে হলে আমরা তা করতে পারি। ব্যাপারটা ততটা কঠিন নয়।’
নকআউট পর্বে মনোযোগ দেওয়ার আগে বৃহস্পতিবার ইকুয়েডরের বিপক্ষে নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে জার্মানি। এই ম্যাচের ফল জার্মানির গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার অবস্থানে কোনো প্রভাব ফেলবে না। তবে ইকুয়েডরের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ দক্ষিণ আমেরিকার দলটি এখনও শেষ ৩২-এ ওঠার লড়াইয়ে রয়েছে।
এ কারণে নাগেলসম্যান সম্ভবত দলে কিছু পরিবর্তন আনবেন এবং নকআউট পর্ব ও বোস্টনে দীর্ঘ ভ্রমণের কথা মাথায় রেখে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারেন।
Advertisement
আরএএইচইউএল/আইএইচএস