২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘জে’ থেকে শীর্ষস্থান নিশ্চিত করে ইতোমধ্যেই শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। এখন অপেক্ষা শুধু নকআউট পর্বে তাদের প্রতিপক্ষ নির্ধারণের। গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ দলই হবে লিওনেল মেসিদের প্রতিপক্ষ।
Advertisement
গাণিতিক হিসেবে এখনও চারটি দলেরই সুযোগ রয়েছে স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব। তবে সম্ভাবনার বিচারে সবচেয়ে এগিয়ে রয়েছে আফ্রিকার দেশ কেপ ভার্দে।
যুক্তরাষ্ট্রভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর পূর্বাভাস অনুযায়ী, গ্রুপ ‘এইচ’-এর রানার্সআপ হওয়ার সম্ভাবনা কেপ ভার্দের ৫৫ শতাংশ। সেক্ষেত্রে আগামী ৩ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত শেষ ৩২ এর ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে আফ্রিকার দলটি।
বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়েই চমক দেখিয়েছে কেপ ভার্দে। নিজেদের প্রথম ম্যাচে অন্যতম ফেবারিট স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে সমতা করে তারা নকআউটের দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে।
Advertisement
অন্যদিকে, রানার্সআপ হওয়ার সম্ভাবনায় দ্বিতীয় স্থানে রয়েছে সৌদি আরব (২৯ শতাংশ)। স্পেনের সম্ভাবনা ১০ শতাংশ এবং উরুগুয়ের মাত্র ৬ শতাংশ। তবে গ্রুপসেরা হওয়ার দৌড়ে স্পেনই সবচেয়ে এগিয়ে, তাদের সম্ভাবনা ৮৪ শতাংশ।
দুই ম্যাচেই নির্ধারিত হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ
গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে-স্পেন এবং কেপ ভার্দে-সৌদি আরব।
স্পেন হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ যদি—
Advertisement
উরুগুয়ে স্পেনকে হারায় এবং কেপ ভার্দে-সৌদি আরব ড্র করে।
উরুগুয়ে স্পেনকে হারায় এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারায়।
কেপ ভার্দে হবে প্রতিপক্ষ যদি—
স্পেন উরুগুয়েকে হারায় এবং কেপ ভার্দে সৌদিকে হারায়।
স্পেন জেতে এবং কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচ ড্র হয়।
সৌদি আরব হবে প্রতিপক্ষ যদি—
স্পেন উরুগুয়েকে হারায় এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারায়।
স্পেন-উরুগুয়ে ম্যাচ ড্র হয় এবং সৌদি আরব জয় পায়।
পয়েন্ট সমান হলে গোল ব্যবধান, গোলসংখ্যা, ফেয়ার প্লে রেকর্ড এবং সর্বশেষ ফিফা র্যাঙ্কিং অনুযায়ী দলগুলোর অবস্থান নির্ধারণ করা হবে।
সবকিছু মিলিয়ে, বর্তমান হিসাব অনুযায়ী আর্জেন্টিনার শেষ ষোলোর সবচেয়ে সম্ভাব্য প্রতিপক্ষ কেপ ভার্দেই। তবে শেষ ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে চূড়ান্ত সমীকরণ।
এসকেডি/আএইন