জাতীয়

চাঁদাবাজির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের দুই সহযোগীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

Advertisement

সোমবার (২৭ জুলাই) সিএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন মো. আসিফ (২৫) ও সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)। তাদের মধ্যে আসিফ একটি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার (২৬ জুলাই) রাতে বায়েজিদ বোস্তামী থানা পুলিশের একটি দল নিয়মিত অস্ত্র ও মাদকবিরোধী অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন-কোয়াইশ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

Advertisement

আরও পড়ুন কক্সবাজার থেকে ঢাকা নেওয়ার পথে ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার

পুলিশ জানায়, পরে তল্লাশি চালিয়ে আসিফের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সময় সাইদুল ইসলাম ওরফে আরিফের পকেট থেকে আরও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বৈধ লাইসেন্স বা কাগজপত্র দেখাতে পারেননি তারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী বলে স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংগ্রহ করে নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের কথাও স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, দাঙ্গা, অস্ত্র আইন, সরকারি কাজে বাধা ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে। আর সাইদুল ইসলাম ওরফে আরিফের বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা রয়েছে।

Advertisement

এমআরএএইচ/একিউএফ