জুলাই আন্দোলনের সময় চট্টগ্রামের ডবলমুরিং মডেল থানা থেকে লুণ্ঠিত দুটি বিদেশি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আলমগীর (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
Advertisement
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আলমগীর একজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি। তার কাছ থেক দুই হাজার ইয়াবাও উদ্ধার করা হয়েছে।
রোববার (২৫ জুলাই) ঝর্ণাপাড়া রেলবিট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানের সময় আলমগীরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ ২৭ রাউন্ড রাবার কার্তুজ নিক্ষেপ করে।
এ ঘটনায় আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবিনুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত এসআই মোবিনুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহত সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
ঘটনার পর ডবলমুরিং মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় দুটি মামলা এবং খুলশী থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
সিএমপি আরও জানায়, গ্রেফতার আলমগীরের বিরুদ্ধে এর আগে মাদক, বিস্ফোরকদ্রব্য আইনসহ বিভিন্ন অভিযোগে মোট ২৪টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ১২টি মাদক, তিনটি বিস্ফোরকদ্রব্য আইন এবং নয়টি অন্যান্য অপরাধের মামলা।
Advertisement
এমআরএএইচ/বিএ