নির্বাচন কমিশন (ইসি) স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
Advertisement
বুধবার (২৯ জুলাই) রাজধানীর আগাওগাঁওয়ে নির্বাচন কমিশনে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। নির্বাচন বিধিমালায় পরিবর্তন আনার জন্য ৯টি প্রস্তাব দেওয়া হয়েছে। এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচন করতে পারবেন না- এই সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানানো হয়েছে। এমন সিদ্ধান্ত বহাল থাকলে নাগরিকের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হবে। এটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। এছাড়া, যে দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেই রাজনৈতিক দলের বিভিন্ন কমিটিতে যারা পদে আছেন, তাদের নির্বাচন থেকে অযোগ্য ঘোষণার দাবি জানানো হয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপি বিভিন্ন সিটি করপোরেশন ও জেলা পরিষদে রাজনৈতিক লোকদের নিয়োগ দিয়েছে। তারা এখানে থেকে নির্বাচনের জন্য তৈরি হবে। তাদের নির্বাচন থেকে দূরে রাখতে দাবি জানানো হয়েছে।
Advertisement
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতিতে যুক্ত সামসুল আলমকে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব করা হয়েছে। তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে জামায়াত। রাজনৈতিক নিয়োগ সাংবিধানিক প্রতিষ্ঠানের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। তিনি নির্বাচনকালে বিএনপির একটি কমিটিতে ছিলেন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের বিজয়ী করে আনতে এই নিয়োগ দিয়েছে সরকার। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না।
বৈঠকে গোলাম পরওয়ারের নেতৃত্বে অংশ নেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়ের, মোয়াজ্জেম হোসেন হেলাল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জসিম উদ্দীন সরকার ও শিশির মোহাম্মদ মনির।
কমিশনের পক্ষে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ ও তাহমিদা আহমদ এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এমওএস/একিউএফ
Advertisement