খেলাধুলা

বিশ্বকাপের সময় কী নিয়ে আতঙ্কে ছিলেন আর্জেন্টিনার দুই ফুটবলার?

বিশ্বকাপ শেষ। কিন্তু রয়ে গেছে এর রেশ। আর্জেন্টিনার দুই তারকা ফুটবলার টানা দুইদিন ছিলেন আতঙ্কজনক এক পরিস্থিতিতে, জানা গেলো এতদিন পর।

Advertisement

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল জয়ের পর নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নিতে হয়েছিল আর্জেন্টিনার দুই তারকা লিসান্দ্রো মার্টিনেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে। ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর আবেগপূর্ণ উদযাপনের কারণে তাদের বাড়িতে দুই দিনের জন্য ব্যক্তিগত নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হয়।

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর আর্জেন্টিনা দলে উচ্ছ্বাস ছিল তুঙ্গে। তবে সেই জয়ের পর সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ এবং লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের বাড়িতে ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর উত্তর-পশ্চিম ইংল্যান্ডে অবস্থিত দুই ফুটবলারের বাড়িতে টানা দুই দিন প্রাইভেট সিকিউরিটি প্রতিষ্ঠান পাহারায় ছিল।

Advertisement

সেমিফাইনাল জয়ের পর আর্জেন্টিনার উদযাপনে মার্টিনেজকে ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ (ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার) লেখা একটি ব্যানার হাতে দেখা যায়। ম্যাক অ্যালিস্টারও সেই সময় কাছেই ছিলেন এবং ব্যানারটি উদযাপনের অংশ হিসেবে দৃশ্যমান ছিল। একই ব্যানার হাতে ছিলেন ক্রিস্তিয়ান রোমেরো ও জিওভানি লো সেলসোও।

তবে নিরাপত্তা বাড়ানো হলেও মার্টিনেজ, ম্যাক অ্যালিস্টারের বাড়িতে কোনো ধরনের ভাঙচুর বা হামলার ঘটনা ঘটেনি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্টিনেজের বাড়ির নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তার ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো সম্পৃক্ততা ছিল না।

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই মার্টিনেজ সমর্থকদের কাছে ব্যাপক জনপ্রিয়। ২০২২ বিশ্বকাপ জয়ের পর ওল্ড ট্র্যাফোর্ডে তাকে স্বাগত জানাতে ইউনাইটেড সমর্থকেরা আর্জেন্টিনার পতাকাও প্রদর্শন করেছিলেন। অন্যদিকে, ২০২২ সালে ম্যাক অ্যালিস্টারের বিশ্বকাপ জয়ের সাফল্যও তার তৎকালীন ক্লাব ব্রাইটনের সমর্থকেরা বিশেষভাবে উদযাপন করেছিলেন।

আরআর/এমএমআর

Advertisement