দেশজুড়ে

বরিশালে সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ইতিহাসে প্রথমবারের মতো মাইদুল ইসলাম অভি নামে তৃতীয় লিঙ্গের একজনকে মজুরিভিত্তিক কর্মচারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টায় সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন অভির হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন।

জানা যায়, বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাইদুল ইসলাম অভি যোগদানের দিন থেকেই মাসিক ১৬ হাজার ৫০০ টাকা বেতন পাবেন। কোন শাখায় তিনি দায়িত্ব পালন করবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, তাকে একটি সম্মানজনক দায়িত্বে নিয়োজিত করা হবে।

নিয়োগপত্র গ্রহণের সময় অভির সঙ্গে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গের আরও কয়েকজন নাগরিক। তাদের মুখেও ছিল আনন্দের ছাপ। এটি শুধু একজনের চাকরি নয় বরং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সম্ভাবনার একটি নতুন দরজা খুলে দেওয়ার পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Advertisement

চাকরির সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভি। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমাদের মতো মানুষদের সমাজে প্রতিনিয়ত নানা অবহেলা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। একটি কর্মসংস্থান আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। এখন থেকে আমি সম্মানজনকভাবে নিজের জীবনযাপন করতে পারব। এই সুযোগ করে দেওয়ার জন্য বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের প্রতি আমি চিরকৃতজ্ঞ।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। তাদের মূলধারায় ফিরিয়ে আনা এবং আত্মনির্ভরশীল করে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। এই ছোট উদ্যোগের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, মেধা ও সুযোগ পেলে তারাও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

বরিশাল সিটি করপোরেশনের এ উদ্যোগ কেবল একটি নিয়োগ নয়-এটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের একটি ইতিবাচক বার্তা। একই সঙ্গে সরকারি ও বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানে এমন উদ্যোগ নেবে বলে মনে করছেন সচেতন মহল।

শাওন খান/কেএইচকে/জেআইএম

Advertisement