খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেসকে দলে রাখতে আগ্রহী নয় বার্সা

সপ্তাহ দুয়েক আগে বিশ্বকাপের ফাইনালে গোল করে স্পেনকে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন করেছিলেন ফেরান তোরেস। বিশ্বকাপ ফাইনালে স্কোরের দেখা পাওয়া এই ফরোয়ার্ড বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাকে পেতে মুখিয়ে আছে পিএসজি। শিগগিরই দুই ক্লাবের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

Advertisement

প্রায় মাসখানেক আগে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা তোরেসকে দলে পেতে পিসজির আগ্রহের কথা জানিয়ে সংবাদ প্রচার করেছিল। খবরে বলা হয়েছে, তোরেসের সঙ্গে ব্যক্তিগত চুক্তির ক্ষেত্রে পিএসজির তেমন কোনো বাধা নেই। মূল বিষয় এখন বার্সেলোনা ও পিএসজির মধ্যে সমঝোতা।

বছরখানেক চুক্তির মেয়াদ বাকি রয়েছে তোরেসের বার্সার সঙ্গে। তাকে ধরে রাখার ব্যাপারে এখন পর্যন্ত কোনো আগ্রহ দেখায়নি কাতালান ক্লাবটি। তিনিও বুঝতে পেরেছেন, তিনি ক্লাবের অগ্রাধিকার নন। ফলে নতুন চ্যালেঞ্জ গ্রহণে তিনি আগের চেয়ে বেশি আগ্রহী।

এছাড়া ২০২২ সালে ম্যানচেস্টার সিটি থেকে তাকে কেনার সময় করা চুক্তি অনুযায়ী, তোরেসের চুক্তি নবায়ন করলে বার্সেলোনাকে সিটিকে অতিরিক্ত ৮ মিলিয়ন ইউরো দিতে হবে। এটিও বার্সার সিদ্ধান্তে প্রভাব ফেলছে বলে জানা গেছে।

Advertisement

কয়েক দিন আগেও ধারণা ছিল, নতুন চুক্তি ছাড়াই আরও এক মৌসুম বার্সেলোনায় থাকতে পারেন তোরেস। তবে পিএসজির জোরালো আগ্রহ সেই সম্ভাবনা দ্রুত বদলে দিতে পারে। বার্সেলোনা ও পিএসজি সমঝোতায় পৌঁছালে এই ট্রান্সফার সম্পন্ন করা সহজ হবে।

সূত্রের দাবি, আগামী দেড় সপ্তাহের মধ্যেই নিজের ভবিষ্যৎ চূড়ান্ত করতে চান তোরেস। আর বর্তমান পরিস্থিতিতে তার গন্তব্য হিসেবে সবচেয়ে এগিয়ে রয়েছে প্যারিস। নতুন মৌসুমে আক্রমণভাগ শক্তিশালী করতে স্ট্রাইকার খুঁজছে পিএসজি।

অন্যদিকে, রবার্ট লেওয়ানডস্কির বিদায়ের পর নতুন স্ট্রাইকারের খোঁজে নেমেছে বার্সেলোনা। একই সঙ্গে স্প্যানিশ এই আন্তর্জাতিক ফরোয়ার্ডকে ছাড়ার সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে কাতালান ক্লাবটি।

আইএন

Advertisement