অদক্ষতা, দায়িত্বে অবহেলা এবং বহিরাগত লোক দিয়ে সরকারি দাপ্তরিক কাজ করানোর প্রমাণ পাওয়ায় গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
Advertisement
সোমবার (৩ আগস্ট) সকালে গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া আকস্মিক পরিদর্শনে গিয়ে এ সিদ্ধান্ত দেন।
বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন- কাশিমপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. ওয়াজেদ আলী খান, অফিস সহায়ক মো. শফিকুল ইসলাম, মুহাম্মদ মোস্তফা কামাল এবং তাপস চন্দ্র শীল।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরের বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসে দীর্ঘদিন ধরে অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ আসছিল। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে জেলা প্রশাসক নিয়মিত পরিদর্শন শুরু করেন।
Advertisement
সোমবার কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে গিয়ে তিনি দেখতে পান, সরকারি দাপ্তরিক কাজ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের পরিবর্তে বহিরাগত ব্যক্তি ও দালালদের দিয়ে করানো হচ্ছে। এছাড়া দায়িত্ব পালনে চরম অবহেলা এবং সেবাগ্রহীতাদের যথাযথ সেবা না দিয়ে হয়রানিরও প্রাথমিক প্রমাণ পাওয়া যায়।
অভিযোগগুলোর সত্যতা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট চার কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন জেলা প্রশাসক। একই সঙ্গে ভূমি অফিসে স্বচ্ছতা ও জনসেবার মান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
এফএ/জেআইএম
Advertisement