ক্যাম্পাস

চবির ৩৬তম সিনেট সভায় থাকছে না ছাত্র প্রতিনিধি

আগামী ৮ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৬তম সিনেট সভা। তবে এই সভায় থাকছে না কোনো ছাত্র প্রতিনিধি। বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের বিধান থাকলেও নির্বাচন না হওয়ায় সিনেট সভায় শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকছে না।

Advertisement

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ অনুযায়ী সিনেটে শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত পাঁচজন প্রতিনিধি এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের মধ্য থেকে নির্বাচিত ২৫ জন প্রতিনিধি থাকার কথা। তবে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন কখনোই অনুষ্ঠিত হয়নি। অন্যদিকে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন সর্বশেষ অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। ফলে দীর্ঘদিন ধরে সিনেটে ছাত্র প্রতিনিধিত্ব অনুপস্থিত রয়েছে।

এদিকে বিগত বছরের ১৫ অক্টোবর অনুষ্ঠিত চাকসু নির্বাচনের সময়ও সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্তমান চাকসুর প্রতিনিধিরাও আসন্ন সিনেট সভায় অংশ নিতে পারবেন না।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংদের (চাকসুর) জিএস সাঈদ বিন হাবিব বলেন, চাকসু নির্বাচন হওয়ার পর বিগত প্রশাসন সিনেটে ছাত্র প্রতিনিধিদের নির্বাচনের কোনো উদ্যোগে নেয়নি। বর্তমান প্রশাসন ও এখনো সেই নির্বাচনের আয়োজন করেনি। যেকারণে সিনেট সভার মতো গুরুত্বপূর্ণ একটি সভায় ছাত্র প্রতিনিধিরা থাকতে পারছে না। আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি চাকসুর মেয়াদ শেষ হওয়ার আগে সিনেট নির্বাচনের আয়োজন করার জন্য।

Advertisement

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, চাকসু নির্বাচনের সময় সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আয়োজন করা যেত। কিন্তু প্রশাসন সেটি করেনি। যার ফলে ছাত্র প্রতিনিধিরা এই সিনেট সভায় থাকতে পারছে না। সিনেটের যেসব ক্যাটাগরিতে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের বিধান রয়েছে, আমরা সেগুলোর নির্বাচন আয়োজন করব।

এফএ/জেআইএম