বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারটা সহজভাবে নিতে পারছে না অস্ট্রেলিয়া। ২১ বছর পর ওয়ানডেতে বাংলাদেশের কাছে হার, আর সেটাও আবার টানা দুই ম্যাচ হেরে সিরিজ খুইয়ে- বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য এটি নিঃসন্দেহে বড় ধাক্কা। তবে সিরিজ হাতছাড়া হয়ে গেলেও শেষ ম্যাচকে গুরুত্ব দিয়েই দেখছে অস্ট্রেলিয়া। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। সেই ম্যাচ জিতে অন্তত হোয়াইটওয়াশ এড়াতে চায় সফরকারীরা।
Advertisement
শেষ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ার প্রতিনিধি হয়ে আসা মার্নাস লাবুশেন স্বীকার করেছেন, সিরিজ হারার হতাশা তাদের মধ্যে রয়েছে। তবে শেষ ম্যাচে জয় দিয়ে সফর শেষ করার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন তারা।
তিনি বলেন, ‘অবশ্যই যে কোনো ম্যাচ হারা হতাশাজনক। আমরা সব সময় ম্যাচ জিততে চাই। এজন্যই আমরা মাঠে নামি এবং পছন্দের খেলা খেলতে পারার জন্যই ঘর ছেড়ে এত সময় বাইরে থাকি। কাজেই আগামীকাল (রোববার) মাঠে নেমে আমরা ভালো ক্রিকেট খেলে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করতে চাই।’
সিরিজের ফল আর বদলানো সম্ভব নয় বলেও মনে করিয়ে দেন তিনি, ‘ব্যবধান ৩-০ হোক বা ২-১, দিনশেষে সিরিজটা হেরে গেছি। এই ব্যাপারটি কষ্টদায়ক। তার পরও আমরা নিশ্চিত করতে চাই, আগামীকাল যেন পুরোপুরি প্রস্তুত হয়ে মাঠে নামতে পারি।’
Advertisement
লাবুশেনের মতে, আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি ম্যাচই ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ। তাই শেষ ম্যাচের ফলকেও তারা হালকাভাবে দেখছেন না।
লাবুশানে বলেন, ‘পেছন ফিরে তাকালে মনে হয়, সিরিজটি আমাদের জন্য আদর্শ ছিল না। তবে প্রত্যেকটা আন্তর্জাতিক ম্যাচই একেকটা সুযোগ। আমরা যা-ই করছি, এটি পরবর্তী প্রজন্ম ও বিশ্বকাপের জন্য ভিত তৈরি করছে। প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ এবং নিশ্চিত করতে চাই, সিরিজ ২-১ ব্যবধানে যেন শেষ করতে পারি।’
এদিকে ম্যাচের আগের দিনের প্রস্তুতিতেও বাধা হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। অনুশীলনের সময় মিরপুরে নেমে আসে বৃষ্টি, ফলে পরিকল্পনামতো প্রস্তুতি নিতে পারেনি অস্ট্রেলিয়া।
এ নিয়ে কিছুটা হতাশাও প্রকাশ করেন লাবুশেন, ‘মাঠে এসে অনুশীলন করার সুযোগ না পেলে সবসময় হতাশা কাজ করে। তবে এটা খেলার অংশ। আমাদের নিশ্চিত করতে হবে, যেন আগামীকালের (রোববার) ম্যাচে পুরোপুরি মনযোগী ও প্রস্তুত হয়ে মাঠে নামতে পারেন।’
Advertisement
এসকেডি/আইএইচএস