দেশজুড়ে

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্কুলশিক্ষিকা তন্নীর

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাহমিনা আক্তার তন্নী (৩০) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের পাঁচবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত তাহমিনা আক্তার তন্নী ওই গ্রামের আবু তাহেরের জ্যেষ্ঠ মেয়ে। তিনি সম্প্রতি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং স্থানীয় উজানভাটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন। তিনি অবিবাহিত ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ঘরের কাজ করার সময় টেবিলে রাখা একটি বৈদ্যুতিক ফ্যান চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তন্নী। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় স্কুলশিক্ষক সারোয়ার জাহান বাহার জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের বড় মেয়ের অকাল মৃত্যুতে স্বজনদের পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হোসাইন সুলভ/এমআরএম