দেশজুড়ে

প্রশ্নপত্র বিতরণে গাফিলতি, কেন্দ্র সচিব-ট্যাগ কর্মকর্তাকে অব্যাহতি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আলিম পরীক্ষায় প্রশ্নপত্র বিতরণে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপু‌রে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ।

অব্যাহতি পাওয়া দুজন হলেন-ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসা কেন্দ্রের সচিব ও অধ্যক্ষ মওলানা মো. আলতাফ হোসাইন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার ও ট্যাগ কর্মকর্তা সাইফুর রহমান।

জানা গেছে, বুধবার আলিম বিজ্ঞান বিভাগের রসায়ন প্রথমপত্র পরীক্ষার সময় নাগেশ্বরী কামিল মাদ্রাসার অনিয়মিত পরীক্ষার্থী জাকিরুল ইসলামকে ভুলবশত নিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা পর কেন্দ্র পরিদর্শনে গিয়ে ইউএনও বিষয়টি শনাক্ত করেন। পরে পাশের উপজেলা থেকে অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র এনে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা সম্পন্ন করা হয়।

Advertisement

ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্র সচিব ও ট্যাগ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র শিক্ষক মাও. মাহবুবুল আলমকে।

অধ্যক্ষ মো. আলতাফ হোসাইন দাবি করেন, অনিয়মিত পরীক্ষার্থীর প্রশ্নপত্র তাদের কেন্দ্রে পাঠানো হয়নি। কেন্দ্র পরিবর্তন হলেও সংশ্লিষ্ট কেন্দ্র থেকে প্রয়োজনীয় প্রশ্নপত্র সরবরাহ করা হয়নি।

ইউএনও অমৃত দেব নাথ বলেন, দায়িত্বে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়ায় কেন্দ্র সচিব ও ট্যাগ কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্র বিনিময় ব্যবস্থার আওতায় নাগেশ্বরী কামিল মাদরাসার পরীক্ষার্থীরা ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসা কেন্দ্রে এবং ভূরুঙ্গামারী ফাজিল মাদরাসার পরীক্ষার্থীরা নাগেশ্বরী কেন্দ্রে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন।

Advertisement

রোকনুজ্জামান মানু/কেএইচকে/জেআইএম