খেলাধুলা

ব্রাজিলিয়ান লিগে যে শাস্তির নিয়ম বদলে দিতে পারে পুরো ফুটবল বিশ্বকে

ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিক্টর গ্যাব্রিয়েলকে দেওয়া এক ব্যতিক্রমী শাস্তি এবার আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা এই রায়কে এমন এক সিদ্ধান্ত হিসেবে বর্ণনা করেছে, যা ‘ফুটবল বদলে দিতে পারে।’ কারণ, গ্যাব্রিয়েলকে নির্দিষ্ট সংখ্যক ম্যাচ নয়, বরং প্রতিপক্ষ খেলোয়াড় গ্যাব্রিয়েল পেক পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরতে না পারা পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে।

Advertisement

ঘটনাটি ঘটে ব্রাজিলিয়ান লিগের ১৯তম রাউন্ডে, যেখানে ক্রুজেইরো ২-১ গোলে ইন্টারন্যাসিওনালকে হারায়। ম্যাচের দ্বিতীয়ার্ধের ১৩তম মিনিটে বলের দখল নিয়ে লড়াইয়ের সময় ভিক্টর গ্যাব্রিয়েল অতিরিক্ত শক্তি প্রয়োগ করে ট্যাকল করেন। রেফারি সরাসরি লাল কার্ড দেখান তাকে।

প্রথমে মনে হয়েছিল, ক্রুজেইরোর ফরোয়ার্ড গ্যাব্রিয়েল পেকের পায়ে কেবল কেটে গেছে। তবে পরে পরীক্ষায় তার বাঁ পায়ের টিবিয়া (শিনবোন) ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, তাকে প্রায় তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে।

ঘটনার পর ব্রাজিলের সুপিরিয়র কোর্ট অব স্পোর্টস জাস্টিস (এসজেটিডি)-এর ষষ্ঠ শৃঙ্খলা কমিটি মামলাটি পর্যালোচনা করে। তাদের মতে, সহিংস ট্যাকলের জন্য প্রচলিত নিয়ম অনুযায়ী ১ থেকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা এত গুরুতর চোটের ক্ষেত্রে যথেষ্ট নয়।

Advertisement

ফলে তারা এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয়। রায় অনুযায়ী, ভিক্টর গ্যাব্রিয়েল ততদিন কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারবেন না, যতদিন না গ্যাব্রিয়েল পেক চিকিৎসকদের ছাড়পত্র নিয়ে ক্রুজেইরোর মূল দলের সঙ্গে স্বাভাবিক অনুশীলনে ফিরছেন। তবে এই নিষেধাজ্ঞার সর্বোচ্চ মেয়াদ হবে ১৮০ দিন।

অর্থাৎ, ক্রুজেইরোর মেডিকেল বিভাগ আনুষ্ঠানিকভাবে পেকের অনুশীলনে ফেরার বিষয়টি নিশ্চিত করার পরই কেবল ভিক্টর গ্যাব্রিয়েল আবার মাঠে নামার অনুমতি পাবেন।

এই রায় শুধু খেলোয়াড়ের জন্য নয়, ইন্টারন্যাসিওনালের জন্যও বড় সমস্যা তৈরি করেছে। ভিক্টর গ্যাব্রিয়েল ছিলেন দলের নিয়মিত একাদশের গুরুত্বপূর্ণ সদস্য। অথচ দলটি বর্তমানে ব্রাজিলিয়ান লিগে ১৬তম স্থানে রয়েছে এবং টানা চার ম্যাচ হেরে অবনমনের শঙ্কায় পড়েছে। ডিফেন্ডারের ফেরার নির্দিষ্ট সময় জানা না থাকায় মৌসুমের বাকি সময় রক্ষণভাগে নতুন সমাধান খুঁজতে হবে ইন্টারন্যাসিওনালকে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ক্লাব এলএ গ্যালাক্সি ছেড়ে জুলাইয়ের শুরুতে ক্রুজেইরোতে যোগ দেওয়া গ্যাব্রিয়েল পেক এই ম্যাচেই প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেই ম্যাচেই ভয়াবহ চোটে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যান তিনি। আর সেই ঘটনাই এনে দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবলে এক নজিরবিহীন শাস্তির উদাহরণ, যা এখন বিশ্ব ফুটবলেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Advertisement

আরআর/আইএন/এমএমআর